
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা ভিত্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিখিত পরীক্ষা সংক্রান্ত তথ্য
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে মোট ৬৯,২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
জেলা ভিত্তিক ফলাফল দেখতে: এখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ শর্তাবলি
১. এই ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর কোনো শূন্য পদে নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না।
২. প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো ধরনের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি বা মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার সম্পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা কোনো তথ্য গোপন করলে, তা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।
৪. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণপূর্বক চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
৫. মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
৬. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে তালিকা পাওয়া যাবে-
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট: https://mopme.gov.bd
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট: https://dpe.gov.bd



